শিরোপার দৌড়ে আর্সেনালের চাপ বাড়াল ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ–এর শিরোপা দৌড়ে নাটকীয়তা বাড়ছেই। উলভসের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে পয়েন্ট খোয়ায় আর্সেনাল। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে কঠিন পরীক্ষায় উতরে গিয়ে ব্যবধান কমিয়ে এনেছে মাত্র দুই পয়েন্টে।

শনিবার ইতিহাদ স্টেডিয়াম–এ নিউক্যাসেল ইউনাইটেড–এর বিপক্ষে জমজমাট লড়াইয়ে ২-১ গোলে জয় পায় সিটি। ম্যাচের সব নাটকই ঘটে প্রথমার্ধে। আধঘণ্টার মধ্যে তিন গোলের দুটিই করেন সিটির তরুণ মিডফিল্ডার নিকো ও’রেইলি।

১৪ মিনিটে দূরপাল্লার জোরালো শটে স্বাগতিকদের এগিয়ে দেন ২০ বছর বয়সী এই প্রতিভা। তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি; ২২ মিনিটে সমতা ফেরান লুইস হল।

সমতায় ফেরার পর দ্রুতই আক্রমণে ঝাঁপায় সিটি। পাঁচ মিনিটের মধ্যেই কর্নার থেকে ও’রেইলির নিখুঁত হেডে স্কোরলাইন হয় ২-১। প্রথমার্ধে ছন্দময় ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে বৃষ্টিস্নাত পরিবেশে ব্যবধান আর বাড়াতে পারেনি সিটি। বলের দখল ও সুযোগে এগিয়ে থেকেও ফিনিশিংয়ে ছিল খানিক খাপছাড়া।

শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল নিউক্যাসেল। যোগ করা সময়ে বদলি হার্ভি বার্নেস গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা আঙুলের ছোঁয়ায় নিশ্চিত গোলটি ঠেকিয়ে দেন।

এই জয়ে ২৭ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৫৬। শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ৫৮ ফলে শিরোপা লড়াইয়ে উত্তেজনা এখন তুঙ্গে।

-এমইউএম