পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে ভারতের মিডল-অর্ডার ব্যাটার রিংকু সিং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্যাম্প থেকে বিদায় নিয়েছেন। বিসিসিআই সূত্রে জানা গেছে, রিংকুর বাবা স্টেজ-৪ লিভার ক্যানসারে আক্রান্ত এবং বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি পরিবারের পাশে থাকতে দ্রুত বাড়ি ফিরে গেছেন। আপাতত দলের সঙ্গে তার পুনঃযোগের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সাম্প্রতিক বছরগুলোতে রিংকু ভারতের সাদা বলের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। যদিও চলতি বিশ্বকাপে পাঁচ ইনিংসে মাত্র ২৪ রান করেছেন, চাপের মুহূর্তে ম্যাচ ফিনিশ করার ক্ষমতার কারণে তার অনুপস্থিতি দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
তবে এই মুহূর্তে পরিবারই তার প্রধান অগ্রাধিকার, এবং ক্রিকেট অঙ্গন থেকে তাকে সমর্থন ও সহমর্মিতা জানানো হচ্ছে।
ভারতের সামনে এখন দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সুপার এইটে টিকে থাকার কঠিন সমীকরণ, বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ‘মাস্ট-উইন’ ম্যাচ খেলতে হবে।
-এমইউএম










