হান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা খালি পায়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি পালন করেন।
দিবসের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গাফনি, সিএসসি; রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি; ডিন অধ্যাপক ড. অলোক কুমার চক্রবর্তী এবং ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি। পরে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে নিয়ে তারা শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এছাড়া শহিদদের স্মরণে কবিতা আবৃত্তি ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
বক্তব্যে উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গাফনি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ভাষার মাধ্যমেই মানুষ চিন্তা করে, নিজেকে প্রকাশ করে এবং জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। তিনি বাংলা ভাষার অধিকার রক্ষায় আত্মোৎসর্গকারী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ ও লালনের আহ্বান জানান।
-সাইমুন










