বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘অমর একুশ আমাদের আত্মমর্যাদা ও জাতীয় চেতনার উজ্জ্বল প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহিদদের ত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষাগত অধিকার ও সাংস্কৃতিক আত্মপরিচয়। তাঁদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রেরণা যুগিয়েছে।’

দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুর মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ বর্ণমালা খচিত ব্যানার, ফেস্টুন ও আল্পনায় সুসজ্জিত করা হয়। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌসের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

-সাইমুন