সেহরিতে দীর্ঘ সময় পেট ভরা রাখা এবং হজমে সহায়তা করার জন্য ফাইবার বা আঁশযুক্ত খাবার খুব জরুরি। সাধারণ ডাল-চালের হালিমের বদলে ওটস দিয়ে তৈরি এই চিকেন হালিম যেমন স্বাস্থ্যকর, তেমনি আস্ত রসুনের কোয়া এতে যোগ করে এক অনন্য স্বাদ ও ঘ্রাণ। এটি সেহরিতে শরীরের মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে।
উপকরণ: মুরগির মাংস: ৫০০ গ্রাম (হাড় ছাড়া ছোট কিউব), রোলড ওটস ১.৫ কাপ (হালকা টেলে নেওয়া), আস্ত রসুন: ৪-৫টি (খোসা ছাড়ানো আস্ত কোয়া), পেঁয়াজ বেরেস্তা: আধা কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, হালিম মশলা ২ টেবিল চামচ (ঘরোয়া বা কেনা), অলিভ অয়েল বা ঘি ৩ টেবিল চামচ, ধনেপাতা ও লেবুর রস সাজানোর জন্য
প্রণালি: প্রথমে একটি হাঁড়িতে তেল বা ঘি গরম করে আদা-রসুন বাটা ও চিকেন কিউবগুলো দিয়ে ভালো করে কষান। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে এতে হালিম মশলা এবং আস্ত রসুনের কোয়াগুলো দিন। রসুনগুলো রান্নার শেষে মাখনের মতো নরম হয়ে যাবে কিন্তু গলবে না।
এবার পরিমাণমতো গরম পানি দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
মাংস সেদ্ধ হয়ে গেলে আগে থেকে টেলে রাখা ওটস দিয়ে দিন। ওটস খুব দ্রুত পানি শুষে নেয়, তাই প্রয়োজন অনুযায়ী পানি যোগ করুন। মিশ্রণটি ঘন হয়ে এলে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। সেহরির সময় ওপরে লেবুর রস আর ধনেপাতা দিয়ে গরম গরম উপভোগ করুন এই পুষ্টিকর আস্ত রসুন ও ওটস-চিকেন হালিম।
-বিথী রানী মণ্ডল










