আজ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় রাজপথে প্রাণ উৎসর্গকারী বীর সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। বাঙালির চেতনায় অম্লান সেই ত্যাগের স্মৃতিতে আজও ধ্বনিত হয় কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’
দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগমাধ্যমে একুশের তাৎপর্য তুলে ধরেছেন তারা।
ক্রিকেটার সৌম্য সরকার লিখেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’
সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা একই ভাষায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’
তারকা পেসার তাসকিন আহমেদ তার বার্তায় বলেন, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’
এছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শরিফুল ইসলাম ও রুবেল হোসেনসহ অন্যান্য ক্রিকেটাররাও।
মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির আত্মপরিচয়, অধিকার ও সংগ্রামের প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে ন্যায় ও মর্যাদার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
-এমইউএম










