ইফতারে চিরাচরিত বেগুনি বা আলুর চপের ভিড়ে একটু পশ্চিমা স্বাদের দেশি ফিউশন আনতে তৈরি করুন ‘চিকেন অ্যান্ড চিজ বক্স প্যাটিস’। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি রাজকীয়। বিশেষ করে শিশুদের ইফতারে এটি হতে পারে প্রধান আকর্ষণ।
উপকরণ: চিকেন কিমা ১ কাপ (আদা-রসুন দিয়ে ভাজা), মোজারেলা চিজ আধা কাপ (গ্রেট করা), সমোসা বা স্প্রিং রোল শিট ১০-১২টি, ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, অরিগ্যানো ও চিলি ফ্লেক্স সামান্য, ময়দার আঠা সামান্য (ময়দা ও পানি মিশিয়ে তৈরি)।
প্রণালি: প্রথমে একটি বাটিতে ভাজা চিকেন কিমা, গ্রেট করা চিজ, ক্যাপসিকাম, পেঁয়াজ, অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স এক সঙ্গে মিশিয়ে পুর তৈরি করে নিন। এবার দুটি সমোসা শিট নিন। একটি শিট লম্বালম্বিভাবে রাখুন এবং তার ওপর অন্যটি আড়াআড়িভাবে (একটি ‘+’ চিহ্নের মতো) রাখুন। মাঝখানের সংযোগস্থলে তৈরি করা চিকেন ও চিজের পুরটি দিন।
এবার চারপাশ থেকে শিটগুলো একটির ওপর একটি ভাজ করে বক্সের মতো তৈরি করুন। ভাঁজগুলো আটকানোর জন্য ময়দার আঠা ব্যবহার করুন। কড়াইতে তেল গরম করে ডুবো তেলে মাঝারি আঁচে সোনালি করে ভাজুন। চিজ ভেতরে গলে যাবে এবং বাইরের অংশটি হবে অত্যন্ত মচমচে। ইফতারের টেবিলে সসের সঙ্গে এই গরম গরম বক্স প্যাটিস আনবে এক নতুন আমেজ।
-বিথী রানী মণ্ডল










