সারা দিনের শক্তি জোগাতে সবজি-ডালিম চিকেন স্ট্যু

সেহরিতে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খেলে সারা দিন বুক জ্বালাপোড়া বা তৃষ্ণা পাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা সমাধানে আজকের বিশেষ রেসিপি ‘সবজি-ডালিম চিকেন স্ট্যু’। এটি মূলত একটি প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার, যা অত্যন্ত হালকা কিন্তু শরীরকে দীর্ঘক্ষণ কর্মক্ষম রাখতে সক্ষম। এই রান্নায় ডালিমের রসের ব্যবহার একটি ইউনিক স্বাদ ও পুষ্টি যোগ করে।

প্রয়োজনীয় উপকরণ: মুরগির মাংস ৫০০ গ্রাম (ছোট টুকরো), সবজি পেঁপে, গাজর ও মিষ্টি কুমড়া (বড় কিউব করা), ডালিমের রস আধা কাপ (তাজা), পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, আদা-রসুন কুচি ১ টেবিল চামচ, মাখন বা অলিভ অয়েল ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৩-৪টি (আস্ত)।

প্রণালি: প্রথমে একটি প্যানে মাখন বা তেল গরম করে তাতে আদা ও রসুন কুচি দিয়ে হালকা ভাজুন। সুন্দর ঘ্রাণ বের হলে পেঁয়াজ কুচি দিন। এবার মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে হালকা সাদাটে হওয়া পর্যন্ত ভাজুন। এরপর এতে পেঁপে ও গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। পরিমাণমতো গরম পানি এবং স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিন।

সবজি ও মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে এতে তাজা ডালিমের রস এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। সবশেষে মিষ্টি কুমড়া (যা দ্রুত সেদ্ধ হয়) এবং আস্ত কাঁচামরিচ দিয়ে আরও ৫ মিনিট দমে রাখুন। ডালিমের রসের টক-মিষ্টি স্বাদ আর মাংসের নির্যাস মিলে একটি অসাধারণ পুষ্টিকর স্ট্যু তৈরি হবে যা সেহরিতে ভাতের সাথে বা শুধু চামচ দিয়েও খাওয়া যায়।

-বিথী রানী মণ্ডল