প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ প্রদানের লক্ষ্যে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডা. মনোয়ারুল কাদির বিটু চিকিৎসা অঙ্গনে একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর বর্তমান যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মানবিক ও সেবামূলক সংগঠন ‘রক্তস্পন্দন’-এর প্রধান সমন্বয়ক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে তার এই পদায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা ও সংশ্লিষ্ট চিকিৎসা সংক্রান্ত সমন্বয়কের ভূমিকা পালন করবেন তিনি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা এই নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
–লামিয়া আক্তার










