যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সুপ্রিম কোর্ট সর্বসম্মত রায়ে বলেছে, ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের এর বিরুদ্ধে সোডিয়াম নাইট্রাইট সেবন করে আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবহেলার অভিযোগে মামলা করতে পারবে।
নয় বিচারপতির বেঞ্চ নিম্ন আদালতের একটি রায় বাতিল করে দেয়। ওই রায়ে বলা হয়েছিল, আত্মহত্যা ছিল ভুক্তভোগীদের মৃত্যুর “সুপারসিডিং কারণ”, ফলে অ্যামাজনের বিরুদ্ধে অবহেলার মামলা করা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্ট জানায়, গ্রাহকদের প্রতি অ্যামাজনের “যৌক্তিক সতর্কতার দায়িত্ব” রয়েছে এবং তৃতীয় পক্ষের পূর্বানুমানযোগ্য আচরণ থেকে ক্ষতি এড়াতে প্রতিষ্ঠানটিকে পদক্ষেপ নিতে হবে।
বিচারপতি জি. হেলেন হুইটেনার তার পর্যবেক্ষণে বলেন, আত্মহত্যা অ্যামাজনের সম্ভাব্য দায়িত্ব পালনে ব্যর্থতার পূর্বানুমানযোগ্য ফল ছিল কি না তা জুরি বোর্ড নির্ধারণ করবে।
মোট ২৮টি পরিবার অভিযোগ করেছে, বহু বছর ধরেই সোডিয়াম নাইট্রাইটের সঙ্গে আত্মহত্যার সম্পর্ক সম্পর্কে অ্যামাজন অবগত ছিল। তবুও তৃতীয় পক্ষের বিক্রেতাদের মাধ্যমে উচ্চমাত্রার সোডিয়াম নাইট্রাইটসহ অন্যান্য পণ্য বিক্রি অব্যাহত রাখে, যা তারা সম্মিলিতভাবে “সুইসাইড কিট” হিসেবে উল্লেখ করেছে। পরিবারগুলো ওয়াশিংটন অঙ্গরাজ্যের পণ্য দায় আইন অনুযায়ী অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছে।
বৃহস্পতিবারের রায়টি চারটি পরিবারের আপিলের ওপর প্রযোজ্য। তাদের দাবি, ২০২০ ও ২০২১ সালে ১৭ থেকে ২৭ বছর বয়সী স্বজনরা ৯৮% বা ৯৯.৬% বিশুদ্ধ সোডিয়াম নাইট্রাইট সেবনের পর মারা যান।
অ্যামাজন এক বিবৃতিতে রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছে এবং গ্রাহক নিরাপত্তার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটি আত্মহত্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানায়।
সোডিয়াম নাইট্রাইট একটি বৈধ রাসায়নিক পদার্থ, যা মাংস ও মাছ সংরক্ষণে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। গবেষণাগার এবং সায়ানাইড বিষক্রিয়ার চিকিৎসাতেও এর ব্যবহার রয়েছে। অ্যামাজন জানিয়েছে, উচ্চমাত্রার সোডিয়াম নাইট্রাইট সরাসরি সেবনের জন্য নয় এবং অপব্যবহারের ঝুঁকি রয়েছে। বর্তমানে ১০%–এর বেশি বিশুদ্ধতার সোডিয়াম নাইট্রাইট বিক্রি নিষিদ্ধ করেছে কোম্পানিটি।
এই মামলা অনলাইন মার্কেটপ্লেসগুলোকে তৃতীয় পক্ষের বিক্রেতাদের পণ্যের জন্য কতটা দায়ী করা যায় সে বিতর্ককে আরও জোরালো করবে বলে মনে করছেন আইন বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










