টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব দারুণ ধারাবাহিকতায় শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়ে অপরাজিত থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছে শাই হোপের দল। ইতালির বিপক্ষে ৪২ রানের জয়েই নিশ্চিত হয়েছে তাদের পরের পর্ব।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় ইতালি। রান তাড়ায় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। জে জে স্মাটস ২৭ বলে ২৪ রান করেন, বেন মানেন্তি করেন ২১ বলে ২৬। বাকিদের কেউ বিশের ঘরে পৌঁছাতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ ৪টি এবং ম্যাথিউ ফোর্ড ৩টি উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে শাই হোপের মারকুটে ইনিংসের ওপর ভর করেই লড়াকু পুঁজি পায় ক্যারিবীয়রা। ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিং (৪) ও সিমরন হেটমায়ার (১) আউট হন। ৩১ রানে ২ উইকেট হারায় দল।
সেখান থেকে ইনিংস সামাল দেন শাই হোপ। রস্টন চেজ ২৫ বলে ২৪ রান করেন, রভম্যান পাওয়েল ৯ বলে ৯ রান করে ফেরেন। তবে হোপ একাই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে তিনি হাঁকান ৬টি চার ও ৪টি ছক্কা।
শেষদিকে শেরফান রাদারফোর্ড ১৫ বলে ২৪ এবং ম্যাথিউ ফোর্ড ৮ বলে অপরাজিত ১৬ রান করে দলকে ১৬৫ রানে পৌঁছে দেন। ইতালির হয়ে বেন মানেন্তি ও ক্রিসান কালুগামাগে দুটি করে উইকেট নেন।
-এমইউএম









