পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন আর্জেন্টাইন তারকা মন্টিয়েল

এবারও আর্জেন্টাইন ফুটবলারের হাতে উঠল পুসকাস অ্যাওয়ার্ড । আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের ক্লাব ইনডিপেন্ডিয়েন্টের উইঙ্গার সান্তিয়াগো মন্টিয়েল পেলেন সেরা গোলের এই পুরষ্কার।

চোখধাঁধানো গোলে ফুটবল সমর্থকদের বিনোদনের খোরাক জোগানো ফুটবলারকে দেওয়া হয় বিশেষ এ স্বীকৃতি। পুরুষ ক্যাটাগরির সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’।

সবশেষ গত মৌসুমে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছিলেন আলেক্সান্দ্রো গার্নাচো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দন্ত এক বাইসাইকেল কিকে গোল করে সেরা গোলের স্বীকৃতি পেয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবারও এক আর্জেন্টাইন ফুটবলারের হাতে উঠল এই পুরষ্কার। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের ক্লাব ইনডিপেন্ডিয়েন্টের উইঙ্গার সান্তিয়াগো মন্টিয়েল পেলেন সেরা গোলের পুরষ্কার।

২০২৫ সালের পুসকাস জয়ের দৌড়ে ছিলেন বার্সেলোনার লামিন ইয়ামাল ও আর্সেনালের ডেক্লান রাইসের মতো তারকা ফুটবলার। স্প্যানিওলের বিপক্ষে ইয়ামালের বাঁ পায়ের বাঁকানো শট এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রাইসের ফ্রি-কিক সেরা গোলের আলোচনায় ছিল।

তবে, সেরা গোলের মনোনয়ন পাওয়া ১১ জনের সবাইকে ছাপিয়ে যান মন্টিয়েল। ইনডিপেন্ডিয়েন্ট রিভাদাভিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে একটি কর্নার হেডে ক্লিয়ার করে রিভাদাভিয়ার ফুটবলার। তবে বক্সের বাইরে থেকে বল পেয়ে যান মন্টিয়েল। এরপর বলের দিকে মুখ না ঘুরিয়ে, অসাধারণ এক ওভারহেড কিক করেন ২৫ বছর বয়সী উইঙ্গার। তাঁর ওই বাইসাইকেল শট ঠেকানোর কোনো সুযোগই পাননি প্রতিপক্ষের গোলকিপার। ওই ম্যাচে মন্টিয়েলের গোলটিতেই ১-০ গোলে জয় নিশ্চিত হয় তাঁর ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টের।

এমইউএম/