ভালোবাসা দিবসে ‘দুজন দুজনার’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। কবির বকুলের কথায় এটির সুর করেছেন পুলক। এটি হিমির গাওয়া তিন নাম্বার গান। এর আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন তিনি।
এর মধ্যে অনেকে হিমির নতুন গানের প্রশংসা করেছেন। একই সঙ্গে এটিকে নব্বই দশকের গানের সঙ্গে তুলনা করছেন। হিমি নিজেও জানান, নব্বইয়ের ফ্লেভারেই গানটি করা হয়েছে।
গান গাওয়া নিয়ে হিমি ভয়ে থাকেন বলেও জানান। তার ভাষ্য, “গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয় কিংবা যদি পছন্দ না করে।”
নতুন গান নিয়ে হিমি বলেন, “এই সময়ের শ্রোতারা যে ধরনের বিট বা মিউজিক অ্যারেজমেন্টের গান পছন্দ করেন, এটা সেই ধরনের গান নয়। কিছুটা নব্বইয়ের দশকের ফ্লেভারে ফিল্মি টাইপের গান। তাই অনেকেই বলেছেন, এটা তো পুরোনো দিনের গানের মতো লাগছে! আসলে আমরা পরিকল্পিতভাবেই এমন গান করেছি। সব মিলিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছি।”
মাহমুদ সালেহীন খান









