বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করায় বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে কোয়াব জানায়, “সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য কোয়াবের নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ।”
বিবৃতিতে আরও বলা হয়, “জাতীয় দলের একজন সাবেক অধিনায়ক ও দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা একজন ক্রিকেটারকে নিয়ে বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিম ইকবালের ক্ষেত্রেই নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এ ধরনের বক্তব্য পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক।”
কোয়াব জানায়, বিষয়টি নিয়ে তারা ইতোমধ্যে বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছে। সংগঠনটির দাবি, সংশ্লিষ্ট বোর্ড পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
একজন দায়িত্বশীল বোর্ড কর্মকর্তা যখন প্রকাশ্য প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও প্রশ্ন ওঠে। আমরা আশা করি, বিসিবি সভাপতি দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেবেন।
এর আগে এম নাজমুল ইসলাম তামিম ইকবালের একটি দীর্ঘ ফেসবুক পোস্টের ফটোকার্ড শেয়ার করে লেখেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।”
পরে তিনি ওই পোস্টটি মুছে ফেললেও এর মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সাবেক জাতীয় অধিনায়ককে নিয়ে এমন মন্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নাজমুল ইসলাম বলেন, এটি তার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই।
– এমইউএম/










