ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নতুন দায়িত্ব দিলেন আইনমন্ত্রী

নতুন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মো. সাজ্জাদুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ প্রদান করা হয়েছে। আইনমন্ত্রীর ইচ্ছা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, মো. সাজ্জাদুর রহমানকে ১৯ ফেব্রুয়ারির পূর্বাহ্ণের মধ্যেই বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করতে হবে এবং অবিলম্বে তার নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দায়িত্ব নেওয়ার পর তার টিমে অভিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার পদক্ষেপ হিসেবে এই নিয়োগকে দেখা হচ্ছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠ পর্যায়ের বিচার প্রশাসনে সাজ্জাদুর রহমানের দীর্ঘ অভিজ্ঞতা মন্ত্রণালয়ের আইনি ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

লামিয়া আক্তার