সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের বিদেশ থেকে ফেরত এনে বিচার করাই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে এসে আখতার হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, “শেখ হাসিনাসহ আসামিদের বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনতে হবে। এটি এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থর গতিতে না হয়, বাধাগ্রস্ত না হয়।”
তিনি সংসদে সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়ার প্রসঙ্গেও মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, “শপথ না নেয়ায় প্রমাণিত হয়েছে যে, সংবিধান সংস্কারের ক্ষেত্রে বিএনপি কেবল নিজেদের স্বার্থে কাজ করবে। তারা শুরু থেকেই সংস্কারের বিপক্ষে ছিল। জনচাপে পড়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করেছে। তবে তারা নিজেরাই যে হ্যাঁ ভোট দিয়েছে, তার কোনো নিশ্চয়তা নেই।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মূল আসামিদের এখনো গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনাটা আমরা ব্যর্থতা মনে করি। এই ব্যর্থতা বিএনপি সরকারকে দূর করতে হবে।”
-এমইউএম









