ভালোবাসি গান নিয়ে ফিরে এলো ব্যান্ড সিক্স

প্রায় এক যুগ আগে এফএম রেডিওতে প্রথম শোনা গিয়েছিল আজ এখনো আছি আমি, থাকতে চাই আরও কিছুক্ষণ ব্যান্ড সিক্সের সেই আবেগঘন গান। কিন্তু নানা কারণে তখন আর বাণিজ্যিকভাবে প্রকাশ পায়নি গানটি। এরপর ২০১৫ সালের ডিসেম্বরে ব্যান্ডটির পথচলাই থেমে যায়, থমকে যায় দ্বিতীয় অ্যালবামের কাজও।

দীর্ঘ বিরতির পর আবারও সংগীতে ফিরেছে ব্যান্ড সিক্স। এবার তারা সেই অপ্রকাশিত গান ‘ভালোবাসি’-কে নতুনভাবে মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশ করেছে। শুক্রবার রাত থেকে ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই মিউজিক্যাল ফিল্ম।

ব্যান্ডের দলনেতা ও বেজিস্ট রাকিবুল রোমান্স জানিয়েছেন, পুরনো কাজগুলোর ধারাবাহিকতা ধরে রাখতেই তারা আবার নতুনভাবে শুরু করেছেন। গিটারিস্ট ও প্রডিউসার রেজোয়ান আশরাফ দেশের বাইরে থেকে যুক্ত হয়ে কাজ করছেন, আর এখন একে একে নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।

‘ভালোবাসি’ গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার আরিফ শিশির। এটি তার নিজের জীবনের সত্যিকারের প্রেম ও বিরহের গল্প থেকে অনুপ্রাণিত। গানটির আবেগকে দৃশ্যমান রূপ দিতে মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা শৌরিন।

এর আগে দ্বিতীয় অ্যালবামের সূচনা হিসেবে ব্যান্ডটি প্রকাশ করেছিল ‘এই তো সময় ২’। সেই ধারাবাহিকতায় ‘ভালোবাসি’ হতে যাচ্ছে অ্যালবামের দ্বিতীয় গান।

উল্লেখ্য, ২০১২ সালে তরুণ রক সংগীতশিল্পীদের জনপ্রিয় রিয়েলিটি শো নেসক্যাফে গেট সেট রক-এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে ব্যান্ড সিক্স। দীর্ঘ বিরতির পর পুরনো সেই অপ্রকাশিত গান নতুন রূপে ফিরে আসায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস।

-বিথী রানী মণ্ডল