অভিনেত্রী মৌমিতা মৌর বাবা মো. মোশাররফ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে ভুগার পর গতকাল, ১৭ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৌমিতা মৌ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবা ক্যানসারের শেষ পর্যায়ে ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বাবার অসুস্থতার কারণে কিছুদিন ধরে তিনি অভিনয় থেকেও বিরতি নিয়েছিলেন। এই কঠিন সময়ে তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ (১৮ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১টায় মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে মরহুম মো. মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হবে। এর আগে, মৌমিতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে লেখেন, মাত্র কয়েক মাসের মধ্যে কী থেকে কী হয়ে গেল, একটা রিপোর্ট সবকিছু এলোমেলো করে দিল। এ ধরনের সময় পার করতে হবে কখনও ভাবিনি। এখন আমি বুঝি দায়িত্ব কী এবং ধৈর্য ধরে থাকার গুরুত্ব। বাবার সুস্থতা ছাড়া আমি কতটা অসহায়, সেটা উপলব্ধি করেছি। তিনি লিখেছেন, “কবে তুমি আবার নাম ধরে ডাকবে? কবে আবার শাসন করবে? কবে আদর করবে? আব্বুর স্মৃতিগুলো খুব মনে পড়ছে। হে আল্লাহ, আমার আব্বুকে সুস্থতা দান করুন, আমিন।
২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত তোমারই আছি তোমারই থাকব চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌমিতা মৌর। এরপর তিনি তুই শুধু আমার, মাটির পরী, মাস্তানী, অন্তর্জ্বালা ও অন্ধকার জগৎসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটকেও কাজ করেছেন।
-বিথী রানী মণ্ডল










