কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজন কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম মো. মামুন শেখ (৩৪)। তার বাবার নাম আব্দুল সালাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারারক্ষী রবিন জানান, সকালেই কয়েদি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে যান, যেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

-এমইউএম