আমি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি-মেহজাবীন চৌধুরী

বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হওয়ার খবরে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেছেন, সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদীত এবং ইতিমধ্যেই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। মেহজাবীন স্পষ্ট করে বলেছেন, উল্লিখিত কোনো ঘটনায় তাকে বিমানবন্দরে থামানো হয়নি, তার কোনো লাগেজ বা হ্যান্ডব্যাগ আটক হয়নি, এবং অভিযোগের কোনো প্রমাণও নেই।

অভিনেত্রীর বক্তব্যে বলা হয়েছে, কোনো কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেননি এবং লাগেজ থেকে কোনো অবৈধ বস্তু পাওয়ার কোনো প্রমাণ নেই। তিনি প্রশ্ন তুলেছেন, কি ছবি, ভিডিও বা প্রমাণ আছে যা দেখাতে পারে যে তার লাগেজে অবৈধ কিছু ছিল। মেহজাবীন উল্লেখ করেছেন, সাম্প্রতিক সময়ে মানহানি খুব স্বাভাবিক বিষয় হিসেবে পরিণত হয়েছে, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে কোনো প্রমাণ নেই। সংবাদে তার ছবি কেবল ক্লিকবেইটের জন্য ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেছেন, এ ধরনের অভিযোগ এবং অপ্রীতিকর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং কারোরই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া কাম্য নয়। মেহজাবীন পুনরায় জোর দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে সকল অভিযোগ অমূলক এবং তিনি এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নন।

বিদেশ ফেরার সময় তার লাগেজে ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন বলে খবর প্রকাশিত হয়। তবে ওই সময় তার সঙ্গে ছিলেন পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেয়।

-বিথী রানী মণ্ডল