খুলনা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী চিন্তা ও কৌশলভিত্তিক প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ ‘মাইন্ড দ্য হ্যাক’-এর গ্র্যান্ড ফিনাল জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী চলা এই সৃজনশীল লড়াইয়ে অসংখ্য মেধাবীকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে দল ‘ডুইং ইট ফর দ্য প্লট’।
চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:
চ্যাম্পিয়ন: ডুইং ইট ফর দ্য প্লট
ফার্স্ট রানার-আপ: ব্যাড আর-ও-আই (Bad ROI)
এমার্জিং টিম অ্যাওয়ার্ড: টিম এজ (Team Edge)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এক কঠোর অথচ বাস্তবধর্মী বার্তা দেন। তিনি বলেন: “শুধু জিপিএ দিয়ে বর্তমানের প্রতিযোগিতামূলক বাজারে চাকরি পাওয়া সম্ভব নয়। জিপিএ হলো ন্যূনতম মানদণ্ড মাত্র। পেশাদার জীবন জয় করতে হলে বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, আই কন্টাক্ট এবং জ্ঞানের গভীরতা (Depth of Knowledge) থাকতে হবে। অতীতে রাজনৈতিক নিয়োগের মাধ্যমে মেধাকে অবজ্ঞা করার ফল দেশ আজ ভোগ করছে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বিচারক ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী ব্যবসার প্রচলিত ধারণা ভেঙে দিয়ে বলেন যে, ব্যবসা মানেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার। প্রতিযোগিতা আছে বলেই বাজারে ব্র্যান্ডিং ও উৎকর্ষের প্রয়োজন পড়ে।
গ্র্যান্ড ফিনালের বিচারকের দায়িত্বে ছিলেন প্রফেসর ড. মো. নুরুন্নবী, সিটি ব্যাংকের এরিয়া হেড হিমাদ্রি শেখর এবং ক্যাডারস-এর কোয়ালিটি অডিট অফিসার মো. আকিবুর রাহাত জিম। তারা অংশগ্রহণকারী দলগুলোর ব্যবসায়িক পরিকল্পনা, যুক্তিভিত্তিক বিশ্লেষণ এবং বাস্তবসম্মত সমাধানের ওপর ভিত্তি করে চূড়ান্ত মূল্যায়ন করেন।
আয়োজকদের মতে, ‘মাইন্ড দ্য হ্যাক’ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি অন্যতম প্ল্যাটফর্ম। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘দ্য ডেইলি ক্যাম্পাস’।