বিশ্ব ভালোবাসা দিবসের আবহে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী এক কর্মসূচি পালন করেছে ‘চিরকুমার সংঘ’ নামের একটি সংগঠন। দিবসটিকে কেন্দ্র করে অতিরঞ্জন ও প্রেমের নামে প্রহসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সদস্যরা ‘এক নাম এক দেশ, চিরকুমারের বাংলাদেশ’, ‘তুমি কে আমি কে—বঞ্চিত বঞ্চিত’ এবং ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’-এমন সব স্লোগান দেন। সমাবেশে সংগঠনের সভাপতি মুস্তাকিম হোসেন বলেন, তারা প্রেমের বিরোধী নন, তবে ভালোবাসা দিবস ঘিরে অসংযত আচরণের প্রতিবাদ জানাচ্ছেন। তিনি এই দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দেন।
সংগঠনের কোষাধ্যক্ষ প্রীতিলতা রায় বলেন, নির্দিষ্ট একটি দিনকে কেন্দ্র করে সমাজে যে চাপ ও প্রতিযোগিতা তৈরি হয়, তারা সেটির বিরুদ্ধে। ভালোবাসা হওয়া উচিত সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।
সহসভাপতি দিলোয়ার হোসেন জানান, কেবল ব্যক্তির প্রতি নয়, দেশ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে তারা ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালনের আহ্বান জানাচ্ছেন।
বিক্ষোভ মিছিলে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
-বেলাল










