সপ্তাহের মাঝামাঝি এই মঙ্গলবার একটু ক্লান্তি কাটাতে দুপুরের খাবারে চাই জিভে জল আনা কিছু। লাল মরিচের কড়া ঝাল নয়, বরং কাঁচামরিচ আর লেবুর টক-মিষ্টি ঘ্রাণে তৈরি এই মুরগির মাংসের পদটি ভাতের সাথে অতুলনীয়। একদম সহজ মশলায় ঝটপট তৈরি করে নিন আজকের এই খাবারটি।
উপকরণ:
মুরগির মাংস ১ কেজি
পাতিলেবুর রস ২ টেবিল চামচ (রসালো লেবু হলে ভালো)
কাঁচামরিচ ফালি ১০-১২টি
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা-রসুন বাটা ১.৫ টেবিল চামচ
জিরা ও ধনে গুঁড়ো ১ চা চামচ করে
হলুদ গুঁড়ো সামান্য (রঙের জন্য)
ঘি ও সয়াবিন তেল পরিমাণমতো
আস্ত রসুন ৪-৫ কোয়া (ফ্লেভারের জন্য)
প্রণালি
কষানো
হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। এবার এতে আদা-রসুন বাটা, জিরে-ধনে গুঁড়ো এবং সামান্য হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষান। মশলার কাঁচা গন্ধ দূর করতে সামান্য পানির ছিটা দিন।
মাংস রান্না:
মশলা কষে এলে মাংসের টুকরোগুলো দিয়ে দিন। মাংসের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন। মাংস থেকে যে পানি বের হবে, তাতেই মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যাবে।
ঝাল ও ফ্লেভার:
এবার এতে চেরা কাঁচামরিচ এবং আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে সামান্য গরম পানি দিন যাতে মাংস পুরোপুরি সেদ্ধ হয়।
দমে লেবু:
ঝোল যখন একদম মাখা মাখা হয়ে আসবে, তখন ওপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে দিন। চাইলে লেবুর একটা ছোট টুকরোও ঝোলে দিয়ে দিতে পারেন ঘ্রাণের জন্য। নামানোর আগে এক চামচ ঘি দিয়ে ২ মিনিট ঢেকে রাখুন।
এই রান্নায় দেশি পাতিলেবু ব্যবহার করলে সবচেয়ে ভালো ঘ্রাণ আসে। তবে খেয়াল রাখবেন, লেবুর রস দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখবেন না, এতে ঝোল কিছুটা তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। নামানোর ঠিক আগ মুহূর্তে লেবুর রস আর ঘি-এর মিশ্রণটিই এই রান্নার আসল স্বাদ।”
আজকের এই লেবু-কাঁচামরিচে মুরগির ঝাল ভুনা-র সাথে থাকুক গরম সাদা ভাত, পাতলা মসুর ডাল আর সামান্য আলুর ভর্তা। দুপুরের মেনুটা একদম দেশি ধাঁচে জমে যাবে!
-বিথী রানী মণ্ডল










