চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল অনেকেরই একটি সাধারণ সমস্যা। ঘুমের অভাব, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি কিংবা দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা—এসব কারণে চোখের নিচে কালচে ছাপ পড়ে। এই সমস্যা কমাতে ঘরোয়া উপায়ে অ্যালোভেরা বা অ্যালো জেল খুবই কার্যকর একটি প্রাকৃতিক উপাদান।
অ্যালোভেরায় রয়েছে ভিটামিন এ, সি ও ই, যা ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতিগ্রস্ত কোষকে ঠিক করে এবং ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। ফলে চোখের নিচের কালো দাগ ধীরে ধীরে হালকা হয়ে আসে।
এছাড়া অ্যালোভেরা ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে। চোখের নিচের ত্বক খুবই নরম ও সংবেদনশীল হওয়ায় সেখানে শুষ্কতা দেখা দিলে সহজেই ডার্ক সার্কেল তৈরি হয়। অ্যালোভেরা নিয়মিত ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক নরম ও মসৃণ হয়।
অ্যালোভেরার আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হলো এটি ত্বকের প্রদাহ কমায়। অনেক সময় চোখের নিচে ফোলাভাব বা সামান্য ইনফ্লামেশন দেখা যায়, যা কালো দাগকে আরও বেশি দৃশ্যমান করে তোলে। অ্যালোভেরা জেল ব্যবহার করলে সেই ফোলাভাব কমে এবং চোখের নিচের অংশটা ফ্রেশ দেখায়।
ব্যবহারের পদ্ধতিও খুব সহজ। রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে অল্প পরিমাণ তাজা অ্যালোভেরা জেল আঙুলের ডগায় নিয়ে চোখের নিচে আলতোভাবে ম্যাসাজ করুন। ১০–১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন, আবার চাইলে সারারাতও রেখে দেওয়া যায়। নিয়মিত কয়েক সপ্তাহ ব্যবহার করলে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায়।
তবে যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা আগে হাতের একপাশে অল্প লাগিয়ে দেখে নিতে পারেন কোনো অ্যালার্জি হচ্ছে কি না। এছাড়া পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস ও পানি পানও ডার্ক সার্কেল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চোখের নিচের কালো দাগ কমাতে অ্যালোভেরা একটি সহজ, সাশ্রয়ী ও কার্যকর প্রাকৃতিক সমাধান। নিয়মিত ব্যবহারে ত্বক হবে সতেজ, উজ্জ্বল এবং প্রাণবন্ত।
-বিথী রানী মণ্ডল










