নিসাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা টানা তিন ম্যাচ জিতে সুপার এইটে ওঠার পথ নিশ্চিত করেছে, অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে অজিরা। আজ শ্রীলঙ্কার বিপক্ষে হেরে অজিরা চাপের মুখে পড়েছে। সুপার এইটে যেতে হলে তাদের জটিল সমীকরণ মেলাতে হবে, পাশাপাশি জিম্বাবুয়ের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

সোমবার পাল্লেকেলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে মিচেল মার্শ ও ট্রাভিস হেড ৮ ওভারে ১০৪ রান যোগ করেন। তবে দুশান হেমান্থা ও চামিরার নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিদের ইনিংস থেমে যায়, ১৮১ রানে অলআউট হয় তারা।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুশান হেমান্থা ৪ ওভারে ৩৭ রান খরচায় ৩ উইকেট নেন। এছাড়া দুশমন্থ চামিরা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে ও কামিন্দু মেন্ডিস একটি করে উইকেট শিকার করেন।

জবাবে শুরুতেই কুশাল পেরেরা আউট হলেও কুশাল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা ৯৭ রানের জুটি গড়ে দলের ভরসা তৈরি করেন। মেন্ডিস ৩৮ বলে ৫১ রান করে ফেরেন। এরপর পাথুম নিসাঙ্কা ৫২ বলে অপরাজিত ১০০ রানে দলের জয় নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ১২ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে এবং সুপার এইটে ওঠার পথ মসৃণ করে।

এই জয়ের ফলে শ্রীলঙ্কা সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে, অন্যদিকে অস্ট্রেলিয়ার ভাগ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচ ও অন্য দলের ফলাফলের উপর নির্ভরশীল হয়ে গেছে।

-সাইমুন