বিশ্ব ফুটবলের সবচেয়ে মূল্যবান স্কোয়াডের তকমা আবারও নিজের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ট্রান্সফারমার্কেটের সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ রিয়াল মাদ্রিদের মোট স্কোয়াড মূল্য দাঁড়িয়েছে ১.৩৮ বিলিয়ন ইউরো, যা বিশ্বের সব ক্লাবের মধ্যে সর্বোচ্চ।
চলতি মৌসুমে পারফরম্যান্সে কিছুটা ওঠানামা থাকলেও, ‘লস ব্লাঙ্কোস’-এর তারকা ফুটবলারের মান ও স্কোয়াডের গভীরতা তাদের শীর্ষে তুলে দিয়েছে। ইতিহাসের অন্যতম সফল ক্লাব হওয়ায় বরাবরই বিশ্বের সেরা ফুটবলারের স্বপ্নের গন্তব্য রিয়াল মাদ্রিদ।
র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল (১.২৯ বিলিয়ন ইউরো), মানচেস্টার সিটি ও পিএসজি (উভয়ই ১.১৯ বিলিয়ন ইউরো), চেলসি (১.১৮ বিলিয়ন ইউরো) ও বার্সেলোনা (১.১২ বিলিয়ন ইউরো) অবস্থান করছে। লিভারপুল ১.০৪ বিলিয়ন ইউরো সহ শীর্ষ দশে রয়েছে, এছাড়া বায়ার্ন মিউনিখ, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডও এই তালিকায় রয়েছে।
রিয়ালের এই বিপুল স্কোয়াড মূল্য মূলত তাদের সুপারস্টারদের অবদানের ফল। কিলিয়ান এমোপ্পে (২০০ মিলিয়ন ইউরো), জুড বেলিংহাম (১৬০ মিলিয়ন ইউরো), ভিনিসিয়ুস জুনিয়র (১৫০ মিলিয়ন ইউরো) ও ফেদে ভালভার্দে (১২০ মিলিয়ন ইউরো) স্কোয়াডের সবচেয়ে দামী খেলোয়াড়।
সব মিলিয়ে তারকায় ভরা স্কোয়াড ও গভীর শক্তিই ২০২৫ সালের শেষে রিয়াল মাদ্রিদকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এমইউএম/










