পাথিরানার চোটে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র চার বল করেই মাঠ ছাড়তে হলো শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে। বাঁ পায়ে অস্বস্তি অনুভব করার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ফিজিওর প্রাথমিক চিকিৎসার পর এক সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ত্যাগ করেন ২৩ বছর বয়সী এই গতিতারকা। ইনিংসের বাকি সময় আর মাঠে ফিরতে পারেননি।

সোমবার পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে এ ঘটনা ঘটে। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, বোলিংয়ের সময় বাঁ পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করেন পাথিরানা। চোটের প্রকৃতি নিশ্চিত হতে তাকে স্ক্যান করানো হবে। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে থাকতে পারেন তিনি।

ম্যাচে প্রথম দুই ওভারে ২৫ রান তোলে অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে পাথিরানা শুরুটা ভালোই করেছিলেন। প্রথম চার বলের দুটি ছিল ডট, একটি ওয়াইডসহ দেন মাত্র তিন রান। তবে চোটের কারণে ওভার শেষ করতে পারেননি তিনি। বাকি দুই বল করেন অধিনায়ক দাসুন শানাকা, যেখানে একটি বাউন্ডারি হজম করতে হয়।

শ্রীলঙ্কার পেস আক্রমণের সবচেয়ে দ্রুতগতির বোলার পাথিরানা, বিশেষ করে ডেথ ওভারে তিনি দলের গুরুত্বপূর্ণ ভরসা। ফলে তার সম্ভাব্য চোট দলটির জন্য বড় ধাক্কা হতে পারে। এরই মধ্যে হ্যামস্ট্রিং ইনজুরিতে আসর থেকে ছিটকে গেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তবে পাথিরানার চোটের ধাক্কা সামলেও ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে সোমবার ৮ উইকেটে জিতেছে লঙ্কানরা। অস্ট্রেলিয়ার করা ১৮১ রান তারা ১২ বল বাকি থাকতে পেরিয়ে যায়। তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। তিন ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে, আয়ারল্যান্ড চারে। তলানিতে থাকা ওমান এখনো কোনো পয়েন্ট পায়নি।

প্রথম দুই ম্যাচ জেতা শ্রীলঙ্কা এই জয় দিয়ে সুপার এইট নিশ্চিত করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে জিম্বাবুয়ের।

-সাইমুন