নতুন গণতান্ত্রিক সরকারের ঐতিহাসিক অভিষেকের সাক্ষী হতে দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের আগমনে মুখরিত হয়ে উঠেছে ঢাকা। শ্রীলঙ্কার পর এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি আকাশপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাস এই উচ্চপর্যায়ের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে নেপালের এই শীর্ষ কূটনীতিক বাংলাদেশে আসলেন। বিমানবন্দরে তাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।
নেপাল দূতাবাস সূত্রে জানা গেছে, বালানন্দ শর্মা কেবল শপথ অনুষ্ঠানেই অংশ নেবেন না, বরং দুই দেশের মধ্যকার জ্বালানি সহযোগিতা, কানেক্টিভিটি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নতুন সরকারের প্রতিনিধিদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করতে পারেন।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার শপথের মূল আয়োজন দুই ভাগে বিভক্ত। সংসদ সদস্যদের শপথ: মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। মন্ত্রিসভার শপথ: বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তার নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নেপালের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর মূলত দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নতুন ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, এর আগে আজ সকালেই শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসাও শপথ অনুষ্ঠানে যোগ দিতে কলম্বো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া ভুটান ও পাকিস্তানের প্রতিনিধিরাও সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের মধ্যে ঢাকায় পৌঁছাতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
–লামিয়া আক্তার










