ইনুর নিঃশর্ত মুক্তি চায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ

কারাবন্দি দলীয় সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। নেতারা বলেছেন, বাংলাদেশের জন্মশত্রুরা জাতীয় বীর জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে তাঁকে বিচারিক হত্যার অপচেষ্টা চালাচ্ছে। রাজনীতির মাঠে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল রাজনৈতিক শক্তির অবস্থান গ্রহণের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার এবং ইনুকে মুক্ত করতে হবে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কর্নেল তাহের মিলনায়তনে কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

জাসদের সহসভাপতি শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, সাইফুজ্জামান বাদশা, সাজ্জাদ হোসেন, আলী হাসান তরুণ, কাজী সাইমুল হক, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, অ্যাডভোকেট আবু হানিফ মাহবুবুর রহমান, রতন কুমার দাস, কনক বর্মণ, শুভংকর দেব বাপ্পা, নাঈম মল্লিক প্রমুখ।

কাজী আরেফসহ পাঁচ জাসদ নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতারা বলেন, ১২ ফেব্রুয়ারির একতরফা ও একপক্ষীয় আসন ভাগাভাগির নির্বাচনী নাটকের মধ্য দিয়ে ধর্মান্ধ জঙ্গিবাদী সন্ত্রাসবাদী মববাদী রাজনীতি বৈধতা পেয়েছে। নির্বাচিত সরকারের মোড়কে নতুন সরকার ক্ষমতায় এলেও এই অপশক্তির আধিপত্যের সামান্য হেরফের হবে কিনা, তা নিয়ে জনগণ সন্দিহান। কাজী আরেফ আহমেদের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে জাতীয় পুনর্জাগরণ সংগঠিত করতে হবে।

১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুরে জাসদের জনসভায় সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ জাসদ নেতা স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভোরে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকালে মিরপুরে বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে শহীদ কাজী আরেফ আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
-সাইমুন