ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি।” সোমবার গুলশানে দলীয় কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট নির্বাচন কমিশনের রয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে প্রধান নির্বাচন কমিশনারই দায়িত্ব পালন করতে পারেন। সে অনুযায়ী আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন, বিদ্যমান সংবিধানে এ পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই। তবে সংবিধান সংশোধনের মাধ্যমে বিষয়টি অন্তর্ভুক্ত করা হলে এবং কে শপথ পাঠ করাবেন তা নির্ধারণ করা হলে শপথ অনুষ্ঠান হতে পারে।

এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব খাতেই বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

-এমইউএম