বাবার আসনে বিজয়ী দুই কন্যা, ফরিদপুরে বিএনপির দাপট ফিরেছে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের দুই প্রয়াত জাতীয় নেতা কে এম ওবায়দুর রহমান এবং চৌধুরী কামাল ইবনে ইউসুফের উত্তরসূরি হিসেবে তাদের কন্যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে বাবার আসনে বিজয়ী হয়ে তারা ফরিদপুরের রাজনীতিতে বিএনপির হারানো দাপট ফিরিয়ে এনেছেন।

বাবার উত্তরাধিকার ও শামা ওবায়েদ
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কন্যা। দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি বিজয়ী হলেন। বাবার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ এবং এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

হারানো দুর্গ উদ্ধার করলেন নায়াব ইউসুফ
ফরিদপুর সদর আসন (ফরিদপুর-৩) থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও একাধিকবারের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা এবং জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি ২০০৮ সালে হাতছাড়া হয়ে গিয়েছিল। দীর্ঘ প্রায় দুই যুগ পর নায়াব ইউসুফের হাত ধরে আসনটি পুনরুদ্ধার করল বিএনপি।

ফরিদপুরবাসী আশা করছেন, নতুন প্রজন্মের এই দুই নেতা দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি তাদের বাবার সম্মান ও ঐতিহ্য সমুন্নত রাখবেন।

মোঃ আশরাফুল আলম