গান চুরির অভিযোগ এ আর রহমানের বিরুদ্ধে

বিতর্ক যেন পিছু ছাড়ছে না অস্কারজয়ী সুরকার এ আর রাহমান–এর। এবার তার বিরুদ্ধে সরাসরি গান চুরির অভিযোগ উঠেছে, যা নিয়ে ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে আইনি লড়াই।

ভারতীয় ধ্রুপদী সংগীতশিল্পী উস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, মণি রত্নম পরিচালিত পোন্নিয়িন সেলভান ২ ছবির জনপ্রিয় গান ‘বীর রাজা বীর’-এ তার পুরোনো রচনা ‘শিব স্তুতি’র অংশ ব্যবহার করা হয়েছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ছবিটি দর্শক-সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়ালেও, এই গান ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয় মাল্য বাগচী–এর বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ডাগর বাণী বা ডাগর ঘরানার আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই; বিশ্বজুড়ে এই পরিবার ও তাদের ধ্রুপদ সংগীত ঐতিহ্য অত্যন্ত সম্মানিত।

বিচারপতি বাগচী পর্যবেক্ষণে জানান, প্রকৃত সুরকার কে—তা খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, কেবল গান গাওয়া বা পরিবেশন করলেই কেউ সুরকার হয়ে যায় না; প্রমাণ করতে হবে আগে একই সুর অন্য কারও ছিল কি না। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত পক্ষ ইতোমধ্যেই ডাগর ঐতিহ্যের প্রভাব থাকার কথা স্বীকার করেছে।

অন্যদিকে রহমানের পক্ষে আইনজীবী আদালতকে জানান, তাদের পক্ষ থেকে কখনও অন্যের কৃতিত্ব দাবি করা হয়নি। তবে রহমান যখন নিজে কোনো সৃষ্টিকর্ম করেন, তখন সেটির মালিকানা তিনি ন্যায্যভাবেই দাবি করেন।

প্রথম দিনের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে শুনানি স্থগিত করেছে। আগামী ২০ ফেব্রুয়ারি আবারও এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সংগীত জগতে এই মামলা এখন বড় ধরনের আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এর রায় ভবিষ্যতে ভারতীয় চলচ্চিত্র সংগীতে কপিরাইট ও ঐতিহ্যগত সুর ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে।

-বিথী রানী মণ্ডল