বন্ধুদের সঙ্গে চা পানের সময় স্ট্রোক করে মারা গেলেন রেজওয়ানুল হক

ছবি- সংগৃহীত।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হক বন্ধুদের সঙ্গে চা পানের সময় স্ট্রোকের কারণে মারা গেছেন। ঘটনা ঘটে সোমবার রাত ১১টার দিকে শহীদ স্মৃতি হলের সামনের একটি দোকানে।

সহপাঠীরা জানান, চায়ের আড্ডায় হাসিখুশি থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রেজওয়ানুলকে দ্রুত নিকটস্থ আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, শিক্ষার্থীর মৃত্যু স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে হয়েছে।

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা রেজওয়ানুলের এই অকাল মৃত্যুতে তার পরিবার, বন্ধু ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হচ্ছে।

কুয়েট প্রশাসন আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। রেজওয়ানুলের মরদেহ আজ কুয়েট কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মালিহা