‘পুরোনো ফ্যাসিবাদকে নতুন কোনো রূপে মেনে নেওয়া হবে না’

দেশব্যাপী শতাধিক স্থানে ভিন্নমতের ভোটারদের ওপর হামলা, হুমকি ও হত্যার অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

এস এম ফরহাদ ফেসবুক পোস্টে লেখেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ২৬৩টি সংসদীয় আসন নিয়ে সরকার গঠন করে। নির্বাচনের কিছুদিন পর থেকেই আওয়ামী লীগ নিজের জন্য ফ্যাসিবাদী পথ বেছে নেয়। একপর্যায়ে চব্বিশে জনগণ আওয়ামী লীগকে দেশছাড়া করেছে। তিনি জানান, এবারের নির্বাচনে ৫৪% ভোট তথা ২০৯টি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, বিএনপি এবার আওয়ামী পথ অনুসরণ করতে শুরু করেছে। দেশব্যাপী শতাধিক স্থানে ভিন্নমতের ভোটারদের ওপর হামলা করেছে ও অসংখ্য ভোটার গুরুতর আহত। কিছুক্ষণ আগে একজনকে হত্যা করা হয়েছে।

ডাকসু জিএস বলেন, বিএনপি এবার কয়েক ধাপ এগিয়ে গিয়েছে; এই সন্ত্রাসী কার্যক্রমগুলো যাতে মিডিয়ায় না আসে, সেই আয়োজনও দারুণভাবে সম্পন্ন করেছে। ব্যাপারটা দারুণ! সাবাশ বিএনপি! আওয়ামী লীগ ১৫ বছর সময় নিয়েছিল, আপনারা কি সময় আরও কম নেবেন? স্বাগতম এই পথে! তিনি আরও বলেন, এবার আবু সাঈদরাও প্রস্তুত আছে। জীবন দেবে, কিন্তু পুরোনো ফ্যাসিবাদকে নতুন কোনো রূপে মেনে নেওয়া হবে না।

-বেলাল