রাজধানীতে অজ্ঞাতনামা একটি ভারতীয় মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ–এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন তিনি। লিখিত আবেদনে মুসাদ্দিক উল্লেখ করেন, ১৩ ফেব্রুয়ারি রাত প্রায় ১টা ৩৮ মিনিটে ডাকসু কার্যালয়ে অবস্থানকালে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি ভারতীয় নম্বর থেকে কল আসে। অভিযোগ অনুযায়ী, কলদাতা নিজের পরিচয় না দিয়ে অশালীন ভাষায় কথা বলেন এবং তাঁকে হত্যার হুমকি দেন। প্রায় দুই মিনিট ধরে কথোপকথন হলেও নির্দিষ্ট কোনো দাবি বা কারণ উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।
মুসাদ্দিক বলেন, ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন মনে করেই থানায় অভিযোগ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট নম্বর শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি আরও দাবি করেন, অতীতে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আগে হুমকির বিষয়ে থানায় জিডি করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
হুমকির ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রেক্ষাপটেরও ইঙ্গিত দেন মুসাদ্দিক। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেও তা যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়। এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে বলেন, বিভিন্ন এলাকায় হামলা ও ভাঙচুরের তথ্য পাওয়া যাচ্ছে। তিনি দাবি করেন, পঞ্চগড়, দিনাজপুর ও নোয়াখালী জেলায় তুলনামূলকভাবে বেশি ঘটনা ঘটেছে। এসব অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানান তিনি।
ডাকসু নেতারা হুমকির ঘটনার নিরপেক্ষ অনুসন্ধান এবং নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শাহবাগ থানায় দায়ের করা জিডির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে দেখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
-বেলাল










