আমাদের শক্তি ঐক্যে, বিভাজনে দুর্বলতা: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে বিজয়ের জন্য দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।”

শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সব বাধা অতিক্রম করে জনগণ গণতন্ত্রের পথ সুগম করেছেন। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে দেশ।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।” নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা যেন প্রতিহিংসায় রূপ না নেয় সবার প্রতি এমন আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দুর্বলের ওপর সবলের আক্রমণ বরদাশত করা হবে না এবং কোনো ধরনের সহিংসতায় জড়ানো যাবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানান তিনি।

একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশনের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এর আগে একই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী এবং খুব শিগগিরই তিনি দেশের নেতৃত্ব দেবেন। তিনি আরও দাবি করেন, এই নির্বাচনে উদার গণতন্ত্রের বিজয় হয়েছে এবং দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

-এমইউএম