আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) -এর ১১তম আসর। তার আগে স্কোয়াড গোছানোর শেষ ধাপে এসে পেশোয়ার জালমি সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ডানহাতি গতিময় পেসার শাহনওয়াজ দাহানিকে। নিলাম থেকে দলে ভেড়ানো হয়েছিল বাংলাদেশের নাহিদ রানাকে।
দাহানি পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন। তার আক্রমণাত্মক বোলিংয়ের পাশাপাশি উইকেট উদযাপনের স্বতন্ত্র ভঙ্গিও বেশ পরিচিত। দাহানিকে দলে ভেড়ানোর বিষয়টি জালমি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে। তারা লিখেছে, “নতুন গতি, ডানহাতি ভ্যারিয়েশন আর দারুণ সম্ভাবনা শাহনওয়াজ দাহানি তার স্বাক্ষর উদযাপনের মাধ্যমে ‘ইয়েলো স্টর্ম’কে বিদ্যুতায়িত করতে প্রস্তুত। তোমার নতুন ঘরে স্বাগতম।” তবে তাকে কত অর্থে দলে নেওয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি।
পিএসএলের ইতিহাসে প্রথমবার আয়োজিত খেলোয়াড় নিলামে দাহানির ভিত্তিমূল্য ১ কোটি ১০ লাখ রুপি থাকলেও কোনো দলই তাঁকে কিনে নি। পরে কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে জালমি তাকে সরাসরি চুক্তিতে দলে নেয়। ২০১৭ সালের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি আগে থেকেই তাদের কোর স্কোয়াড ধরে রেখেছে। প্লাটিনাম, সিলভার, গোল্ড ও ইমার্জিং ক্যাটাগরিতে যথাক্রমে বাবর আজম, সুফিয়ান মুকিম, আবদুল সামাদ ও আলি রাজাকে রিটেইন করা হয়েছে।
নিলাম থেকে জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল ও কুশল মেন্ডিসসহ মোট ১০ জন ক্রিকেটার দলে ভেড়ানো হয়েছে। এরপরও পর্যাপ্ত অর্থ থাকায় দাহানিকে যুক্ত করা সম্ভব হয়েছে। পেশোয়ার জালমির স্কোয়াডে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা রয়েছেন। ৬০ লাখ রুপিতে দলে নেওয়া এই ফাস্ট বোলারকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের আগ্রহও কম নয়।
-এমইউএম










