ক্রিকেটে সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। সব ধরনের অনিশ্চয়তা কাটিয়ে আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে।
শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচকে ঘিরে ক্রিকেটবিশ্বে উত্তেজনা দেখা দিয়েছে। টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ‘সোল্ড-আউট’ হয়ে যাওয়ায় সমর্থকদের উন্মাদনা স্পষ্ট হয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কারণে এবার ম্যাচ নিয়ে আগ্রহের মাত্রা বেড়ে গেছে। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া, পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা এবং কূটনীতির মাধ্যমে শঙ্কা দূর হওয়া এসব ঘটনা এ ম্যাচকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
কলম্বোর ৩৫ হাজার আসনের প্রেমাদাসা স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে চার গুণ বেশি দামে। রোববার সন্ধ্যায় শুরু হতে যাওয়া ম্যাচটি টিভিতে দর্শকের সব রেকর্ড ভাঙতে পারে। আইসিসি তথ্য অনুযায়ী, ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচে ‘ইউনিক’ দর্শকসংখ্যা ছিল ৫৫ কোটি ৮০ লাখ। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের ম্যাচটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ, ৪৯ কোটি ৫০ লাখ দর্শক দেখেছে।
তথ্য অনুসারে, গ্রুপ পর্বের এই দ্বৈরথ দেখতে কলম্বোয় ভিড় জমিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। রয়টার্স জানিয়েছে, হাজারো ভিড়ের কারণে হোটেল এবং ফ্লাইটের দাম বেড়ে গেছে। বেশিরভাগ হোটেলের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। সাধারণত এক রাতের হোটেলভাড়া ১০০–১৫০ ডলার হলেও এখন সর্বোচ্চ ৬৬০ ডলার পর্যন্ত পৌঁছেছে।
কলম্বোর তিনটি ট্রাভেল এজেন্সি জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের চূড়ান্ত ঘোষণা আসার পর শেষ মুহূর্তে চেন্নাই ও দিল্লি থেকে ফ্লাইটের ভাড়া বেড়েছে। চেন্নাই থেকে কলম্বো যেতে ভাড়া এখন ৬২৩–৭৫৬ ডলার, এবং দিল্লি থেকে ৬৬৬ ডলার। শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরসের সভাপতি নালিন জয়াসুন্দেরা জানিয়েছেন, হোটেল প্রায় বুক হয়ে গেছে এবং অনেক সমর্থক ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজে (১৫০০–২০০০ ডলার) আসছেন।
শ্রীলঙ্কার টুরিজম ডেভলপমেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম বলেন, প্রথম ১০ দিনে প্রায় ১ লাখ দর্শক এসেছে, তার ২০ শতাংশই ভারত-পাকিস্তান ম্যাচের কারণে। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কা নিরপেক্ষ ক্রিকেট ভেন্যু হিসেবে আত্মবিশ্বাসী।
প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ‘এ’ গ্রুপে দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। জয়ী দল উঠবে সুপার এইটে। ১৮ বছরের বেশি সময় আগে ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ টেস্ট ম্যাচ হয়েছে, আর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সর্বশেষ সীমান্ত পাড়ি দিয়েছে দুই দল ১৩ বছর আগে।
-এমইউএম










