ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়লেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। মাত্র ১১১ ম্যাচে ১০০ গোল করে তিনি ভেঙে দিয়েছেন তিন দশক ধরে অটুট থাকা কিংবদন্তি গোলস্কোরার অ্যালান শিয়ারের রেকর্ড।
গতকাল মঙ্গলবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে ১৭তম মিনিটে গোল করে প্রিমিয়ার লিগে নিজের শততম গোল পূর্ণ করেন হালান্ড। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান ইংল্যান্ডের সাবেক মহাতারকা অ্যালান শিয়ারেরকে, যিনি ১২৪ ম্যাচে ১০০ গোল করেছিলেন।
২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের বন্যা বইয়ে দিচ্ছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে ১৬৪ ম্যাচে তার গোলসংখ্যা ইতোমধ্যেই ১৪৩। প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুত ৫০ গোল করার রেকর্ডও আগে থেকেই তার দখলে, যা তিনি করেছিলেন মাত্র ৪৮ ম্যাচে।
হালান্ড বর্তমানে প্রতি ম্যাচে প্রায় ০.৯ গোল করার অবিশ্বাস্য গড় ধরে রেখেছেন। এই গতিতে এগোতে থাকলে শিয়ারারের সর্বোচ্চ ২৬০ প্রিমিয়ার লিগ গোলের রেকর্ডও একদিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। মাত্র ২৫ বছর বয়সেই এমন কীর্তি গড়ে হালান্ড প্রমাণ করেছেন, আধুনিক ফুটবলেও একজন খাঁটি গোলমেশিন কীভাবে প্রতিপক্ষ রক্ষণের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।










