ব্রাজিলের কোচ হিসেবে নতুন চুক্তি করছেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন, যার মাধ্যমে তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকবেন।

ডিসেম্বরে ইএসপিএন জানায়, ইতালিয়ান এই কোচ চার বছরের নতুন চুক্তির বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন। নতুন চুক্তিতে আনচেলত্তির বেতন বাড়ছে না। তিনি আগেই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ- প্রতি বছর ১ কোটি ইউরো (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার) আয় করছেন। তবে তার কোচিং স্টাফের চার সদস্যের বেতন সমন্বয় করা হবে।

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ স্কোয়াড ঘোষণার আগেই এ চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ৬৬ বছর বয়সী আনচেলত্তি সেপ্টেম্বরেই ২০৩০ পর্যন্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিল দলের দায়িত্ব নেন।

তার লক্ষ্য, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দেওয়া। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ জেতেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। এরপর সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ২০১৪ সালে, যখন স্বাগতিক হয়েও চতুর্থ স্থানে শেষ করেছিল।

আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ব্রাজিল আট ম্যাচে চার জয়, দুই ড্র ও দুই হার পেয়েছে। বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার কাজও তিনি এগিয়ে নিচ্ছেন।

সম্প্রতি তিনি বলেন, “প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলাম, ব্রাজিল ভাগ্যবান- এখানে অনেক ভালো খেলোয়াড় আছে। তালিকা এখনো চূড়ান্ত নয়, তবে আমরা শেষ পর্যায়ে আছি। কিছু পজিশন এখনো শতভাগ নিশ্চিত নয়।” ব্রাজিল ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে খেলবে, এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

-বেলাল