এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশাল বিজয়ের পর দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এই মন্তব্য করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজেদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাকে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছে বিএনপি।

শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এমন প্রতিক্রিয়া তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি। বিএনপি গণ-মানুষের দল, তৃণমূলের দল।

‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।’

মাহদী আমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, ইনশাআল্লাহ, ভবিষ্যৎ একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।

‘অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা। সেই সঙ্গে আগামী বিএনপি সরকার যে জনগণের, সে প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাআল্লাহ নিশ্চিত করবেন।’

তিনি বলেন, ‘সরকারটি হবে সেই সরকার, এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের উপর, অনেক শহীদের ত্যাগ সংগ্রামের উপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাআল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা, সেটি পূরণ করবেন।

‘আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সমস্যা সমাধান করবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।’

বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে বিজয়ী হয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

এছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোটে থাকা বিজেপি ও গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দু’টি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। ৭টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ইসলামী আন্দোলন, বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।

-মামুন