আগামী মাসে ৪১ বছরে পা দেবেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বয়স যেন তার কাছে কেবলই একটি সংখ্যা। সৌদি ক্লাব আল-নাসরের হয়ে নিয়মিত গোল করে এখনও ক্যারিয়ারের শীর্ষে থাকা এই তারকা ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের বছরে দাঁড়িয়ে আছেন একাধিক ঐতিহাসিক রেকর্ডের সামনে।
এক হাজার গোলের মাইলফলক
গতকাল সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে গোল করে রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৮-এ। এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন আর মাত্র ৪২ গোল। বিভিন্ন সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, এক হাজার গোল পূর্ণ না হওয়া পর্যন্ত অবসর নেওয়ার কোনো ইচ্ছা নেই তার।
চার দেশের লিগ শিরোপা জয়ের সুযোগ
ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা ও ইতালির সিরি আ— এই তিন দেশের লিগ শিরোপা জিতেছেন রোনালদো। এবার সৌদি প্রো লিগ জিততে পারলে চার ভিন্ন দেশের লিগ শিরোপা জেতা ফুটবলারের তালিকায় নাম লেখাবেন তিনি। টানা ১০ ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করলেও শেষ তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে আল-নাসর এখন টেবিলের দ্বিতীয় স্থানে। তবু শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রোনালদো।
ছয় বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড়
২০২৬ বিশ্বকাপে গোল করতে পারলে ইতিহাস গড়বেন রোনালদো। তিনি হবেন ছয়টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার। এই রেকর্ডে আপাতত কারও কাছ থেকে চ্যালেঞ্জ নেই। একই বিশ্বকাপ লিওনেল মেসির ষষ্ঠ হলেও ২০১০ বিশ্বকাপে গোল না থাকায় এই কীর্তিতে নাম লেখাতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা।
২০০ পেনাল্টি গোলের দ্বারপ্রান্তে
আল-কাদসিয়ার বিপক্ষে ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ২০২৬ সালে নিজের প্রথম গোল পান রোনালদো। এতে তার পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৮১। আর মাত্র ১৯টি পেনাল্টি গোল করলেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ২০০ পেনাল্টি গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
আল-নাসরের সর্বোচ্চ গোল করা বিদেশি খেলোয়াড়
আল-নাসরের হয়ে রোনালদোর গোল এখন ১১৪টি। ক্লাবটির সর্বোচ্চ গোল করা বিদেশি খেলোয়াড় আবদুর রাজ্জাক হামদাল্লাহর গোল সংখ্যা ১১৫। আর মাত্র দুটি গোল করলেই এই রেকর্ড নিজের করে নেবেন পর্তুগিজ তারকা।
৩০ বছর বয়সের পর ৫০০ গোলের কীর্তি
৩০ বছর বয়স পার করার পর রোনালদোর গোলসংখ্যা এখন ৪৯৫। আর মাত্র পাঁচ গোল করলেই তিনি হবেন ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি ৩০ বছরের পর ৫০০ গোল করার কীর্তি গড়বেন।
বয়সের সীমা ভেঙে ক্রিশ্চিয়ানো রোনালদো যে এখনও ফুটবল ইতিহাসের নতুন অধ্যায় লিখে চলেছেন, সামনে থাকা এই রেকর্ডগুলোর হাতছানিই তার সবচেয়ে বড় প্রমাণ।
– এমইউএম/










