উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্র ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির নেতা কিম জং উনের কিশোরী মেয়ে কিম জু আয়ে ভবিষ্যৎ নেতা হিসেবে মনোনীত হওয়ার কাছাকাছি রয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) দেশটির আইনপ্রণেতাদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানায়। তারা বলছে, কিম জু আয়ের রাজনৈতিক অবস্থান এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
এ তথ্য প্রকাশ্যে আসতেই কিম পরিবারের চতুর্থ প্রজন্মে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
উত্তর কোরিয়া চলতি মাসের শেষ দিকে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সম্মেলনে আগামী পাঁচ বছরের নীতিগত লক্ষ্য ঘোষণা হবে। পাশাপাশি কিম জং উন তার শাসনব্যবস্থা আরও মজবুত করার বার্তা দিতে পারেন। এনআইএস কর্মকর্তারা বলছেন, ওই সম্মেলনে হাজার হাজার প্রতিনিধির সামনে কিম জু আয়ে বাবার সঙ্গে উপস্থিত হতে পারেন।
প্রথমবার কিম জু আয়েকে জনসমক্ষে দেখা যায় ২০২২ সালের নভেম্বরে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায়। এরপর থেকে অস্ত্র পরীক্ষা, সামরিক কুচকাওয়াজ ও কারখানা উদ্বোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার উপস্থিতি বেড়েছে।
গত সেপ্টেম্বর তিনি বাবার সঙ্গে বেইজিং সফর করেন। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কিম জং উনের বৈঠক অনুষ্ঠিত হয়। যেটি ছিল ছয় বছরের মধ্যে দুই নেতার প্রথম শীর্ষ বৈঠক। বিশ্লেষকদের মতে, এই সফর উত্তরসূরি হিসেবে তার অবস্থান আরও স্পষ্ট করেছে।
তবে শুরুতে দক্ষিণ কোরিয়ার কিছু কর্মকর্তা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তাদের যুক্তি ছিল, উত্তর কোরিয়ার রক্ষণশীল রাজনৈতিক সংস্কৃতি ও পুরুষ-প্রধান নেতৃত্ব কাঠামো বিদ্যমান রয়েছে। এ পরিস্থিতি একজন কিশোরী মেয়েকে ক্ষমতায় আনার পথে বাধা হতে পারে। কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যমে তার ক্রমবর্ধমান উপস্থিতি পরিস্থিতির নতুন গুরুত্ব বহন করছে।
গত মাসে কিম জু আয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হয়। তখন তিনি নববর্ষের দিনে বাবা-মায়ের সঙ্গে পিয়ংইয়ংয়ের বিখ্যাত ‘কুমুসান প্যালেস অব দ্যা সান’ পরিদর্শনে যান। এটি কিম পরিবারের সমাধিসৌধ, সেখানে তার প্রয়াত দাদা ও প্রপিতামহের সংরক্ষিত দেহ রাখা আছে। তারা দেশটির প্রথম ও দ্বিতীয় প্রজন্মের নেতা ছিলেন।
সূত্র: এপি
-মামুন










