আজ হাগ ডে

ভালোবাসার সপ্তাহের অন্যতম আবেগঘন একটি দিন। একটি আলিঙ্গন—শুধু দুটি হাতের স্পর্শ নয়, বরং গভীর অনুভূতি প্রকাশের সহজ ও শক্তিশালী ভাষা। অনেক সময় এমন কিছু কথা থাকে, যা ভাষায় বলা যায় না কিন্তু একটি আন্তরিক আলিঙ্গন সেই না-বলা কথাগুলোও পৌঁছে দেয় প্রিয় মানুষের হৃদয়ে।

হাগ ডে সাধারণত ভালোবাসার মানুষ, বন্ধু, পরিবার সবার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার একটি উপলক্ষ। প্রিয়জনকে জড়িয়ে ধরার মধ্যে রয়েছে নিরাপত্তা, বিশ্বাস আর মানসিক শান্তির অনুভূতি। গবেষণায়ও দেখা গেছে, আলিঙ্গন করলে মানসিক চাপ কমে, মন ভালো থাকে এবং সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। অর্থাৎ একটি ছোট্ট হাগ আমাদের শরীর ও মন দুটোর জন্যই উপকারী।

এই দিনে শুধু প্রেমিক প্রেমিকা নয়, বাবা-মা, ভাই-বোন, বন্ধু—সবার সঙ্গেই ভালোবাসা ভাগ করে নেওয়া যায়। অনেক সময় ব্যস্ততার কারণে আমরা প্রিয় মানুষদের অনুভূতি প্রকাশ করতে ভুলে যাই। হাগ ডে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ এনে দেয়। একটি উষ্ণ আলিঙ্গন বলতে পারে—“আমি তোমার পাশে আছি”, “তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ” কিংবা “সব ঠিক হয়ে যাবে।”

তবে মনে রাখতে হবে আলিঙ্গন সবসময় সম্মতি ও স্বাচ্ছন্দ্যের বিষয়। যার সঙ্গে হাগ করছেন, তার ইচ্ছা ও সীমাবদ্ধতাকে সম্মান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজ হাগ ডে তে তাই একটু সময় বের করুন। প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরে জানিয়ে দিন আপনার অনুভূতির কথা। কারণ কখনও কখনও একটি আলিঙ্গনই হয়ে উঠতে পারে কারও পুরো দিনের সেরা মুহূর্ত। ভালোবাসা ছড়িয়ে দিন, উষ্ণতা ভাগ করে নেন।

-বিথী রানী মণ্ডল