বাংলাদেশের গণতন্ত্রের যে ট্রেনে ওঠা হয়েছে, সেটি গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “গতকাল আমি দেশের অনেক জেলা প্রশাসক, এসপিদের সাথে কথা বলেছি। তাদের আমি বলেছি কারো পক্ষে কাজ করতে পারবেন না। অবশ্যই নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শুধু নিজে নিরপেক্ষ থাকলেই হবে না, আপনার আশেপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। এখানে বিভাগীয় কমিশনার সাহেব আছেন, তিনি এটার সাক্ষী দিতে পারবেন।”
তিনি বলেন, “আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তিলগ্নে একটা অবদান রাখতে পারি। আমি সেই চেষ্টা করছি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও এবং এআই জেনারেটেড ছবি নিয়ে তিনি বলেন, “এগুলো একটি বড় চ্যালেঞ্জ। সবগুলোই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অনেক কিছুই সীমান্তের ওপার থেকে হয়। ফলে আমরা মেইনস্ট্রিম মিডিয়ার ওপর ভরসা করি। আশা করি জনগণও সত্য-মিথ্যা যাচাই করে তথ্য শেয়ার করবে।”
জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।
-এমইউএম










