মুখের বলিরেখা বা ফাইন লাইন বয়সের সাথে সাথে চামড়ার প্রাকৃতিক পরিবর্তনের কারণে দেখা দেয়। তবে নিয়মিত ঘরোয়া উপায় ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এগুলো কমানো সম্ভব। কমলার খোসা একটি খুবই কার্যকরী উপাদান। এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট ও সাইট্রাস তেল, যা ত্বককে তরতাজা রাখে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।
প্রথমে কমলার খোসা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। এরপর খোসাটি সূক্ষ্ম টুকরো করে ব্লেন্ডারে পিষে নিন। চাইলে এতে এক চামচ মধু বা দই মিশিয়ে পেস্ট তৈরি করা যায়। মধু ত্বককে নরম ও হাইড্রেটেড রাখে, আর দইয়ের ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করতে সাহায্য করে।
পেস্টটি মুখের বলিরেখাযুক্ত জায়গায় লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন। পরে অল্প গরম পানির সঙ্গে ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে মুখের ত্বক আরও উজ্জ্বল হয় এবং সূক্ষ্ম রেখাগুলো ধীরে ধীরে মসৃণ হতে শুরু করে।
এছাড়া কমলার খোসার তেলও ব্যবহার করা যায়। সামান্য তেল নাক, চোখের চারপাশ ও মুখের বলিরেখার উপর হালকা মাসাজ করুন। ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে।শুধু মুখের মাস্ক ব্যবহার করলেই হবে না। পর্যাপ্ত পানি পান, ভিটামিন–সমৃদ্ধ খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং সানস্ক্রিন ব্যবহারও মুখের বলিরেখা কমাতে গুরুত্বপূর্ণ।
সতর্ক থাকুন, কেউ যদি অ্যালার্জি থাকে তাহলে আগে ছোট জায়গায় পরীক্ষা করে নিন। নিয়মিত ব্যবহার ও ধৈর্য্য ধরলে কমলার খোসা দিয়ে মুখের বলিরেখা কমানো সম্ভব এবং ত্বককে প্রাকৃতিকভাবে সতেজ রাখা যায়।
বিথী রানী মণ্ডল/










