নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভা করেন।

সোমবার সকালে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে এবং দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বেইজ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় দুই স্থানে পৃথক সমন্বয় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সমন্বয় সভায় বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, এজন্য বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।

তিনি আরও বলেন, সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

বিজিবি মহাপরিচালক জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রাখার পাশাপাশি দেশের ৪৯৫ উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ৪৮৯ উপজেলায় বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। সাতক্ষীরা ও চুয়াডাঙ্গাসহ সীমান্তবর্তী ৬১ উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে। এছাড়া দেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট), কেএন-৯ ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-অন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতি রয়েছে।

সমন্বয় সভায় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশ, র‌্যাব, জেলা নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেইজ ক্যাম্প পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, নির্বাচনের মাত্র দুই দিন বাকি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করতে হবে। কোনো দুষ্কৃতিকারী বা কুচক্রী মহল যেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন তিনি।

-এমইউএম