সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাজাতের জন্য বগুড়া গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতা-কর্মী ও সাধারণ মুসল্লীর ঢল নামে।
৯ ফেব্রুয়ারি (সোমবার) বাদ আসর নশিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে আছর নামাজ আদায়ের পর দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় তিনি বলেন, “আমাদের এলাকার পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী ও দেশমাতা ছিলেন। তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে ইতিমধ্যেই আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘদিন লড়াই ও সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন।”
তিনি আরও বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া বিগত সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন। মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল। সেখানে নির্যাতন চালিয়ে অসুস্থ করা হয়েছিল। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী।”
লালু আরও বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকা সহ সারাদেশে নামাজে জানাযায় মুসল্লিরা ঢল নামে। এরপর সমগ্র দেশবাসী তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশ সহ বিশ্বের সমগ্র জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
দিনব্যাপী কোরআন খানি শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ মুসল্লি অংশ নেন।
দোয়া মোনাজাতে রাজনৈতিক নেতাদের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম।
–শাহাদাত হোসেন, গাবতলী,বগুড়া










