প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৯টায় তিনি সেনানিবাসে পৌঁছালে তাকে সামরিক রীতিতে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার নির্ধারিত চেম্বারে দিনের দাপ্তরিক কাজ শুরু করেন।
অফিস চলাকালীন প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে ‘র্যাংক ব্যাজ’ পরিয়ে দেন। তারা হলেন: লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রী হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগে তার এই প্রথম অফিস করার ঘটনাটি জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
–লামিয়া আক্তার










