দুই দিনের ব্যবধানে ফের কাঁপল রাজধানীসহ সারা দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে দেশে এটি দ্বিতীয় দফার ভূমিকম্প। এর আগে বুধবার রাতেও এক দফায় কেঁপে উঠেছিল বাংলাদেশ।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এটি একটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম রাজ্যে।

এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে আরও একটি ভূমিকম্পে কেঁপেছিল দেশ। সেই কম্পনটির মাত্রা ছিল ৫.১ এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলে। ঢাকা থেকে এর দূরত্ব ছিল ৪৬২ কিলোমিটার। বিশেষ করে কক্সবাজার এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোতে বুধবার রাতের কম্পন বেশি অনুভূত হয়েছিল।

পরপর দুই দিনে এবং মাত্র ২৬ দিনে ৯ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও দুপুর ও গতরাতের কোনো কম্পনেই এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ঘন ঘন এই কম্পনকে বড় কোনো দুর্যোগের সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কাছাকাছি ভারত ও মিয়ানমারের সীমান্তে টেকটোনিক প্লেটের অস্থিরতার কারণেই এই ঘন ঘন ভূকম্পন ঘটছে। মাঝারি ও মৃদু মাত্রার এই কম্পনগুলো জনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

লামিয়া আক্তার